পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে আরও ৭ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় সীমান্ত পুশ ইন করেছে বিএসএফ। শুক্রবার ভোরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। এদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুইজন শিশু। সকালে তাদের বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ি এলাকায় ঘোরাফেরা করলে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা বিওপির টহল দল তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশী এবং তারা নড়াইল ও যশোর এলাকার বাসিন্দা। পরে আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে আরিফুল শেখ (৩১), তার বড় ছেলে ইমরান শেখ (১১), ছোট ছেলে রায়হান শেখ (৭), উপজেলার একই এলাকার মজিবুর রহমান মোল্লার মেয়ে রহিমা বেগম (৩০), সিদ্দিক মোল্লার মেয়ে খাদিজা বেগম (৩৬), বিস্টুপুর এলাকার আইনাল বিশ্বাসের ছেলে আল মামুন বিশ্বাস (৩০), যশোর জেলার অভয়নগর উপজেলার জয়েরা এলাকার তাহাজ্জুত খানের মেয়ে নাজমিন আক্তার (৪০)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, বিজিবি পুশইন হওয়া ৭ জনকে থানায় হস্তান্তর করে। বর্তমানে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত¡বাবধানে চেয়ারম্যানের হেফাজতে থাকবেন। পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হবে তাদের।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, পুশইন হওয়া সাতজন নাগরিক বাংলাদেশের বলে আমরা জেনেছি। বর্তমানে তাদের ব্যাপারে আরও তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। আমরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করব। এর আগে তারা আমাদের হেফাজতেই থাকবে।
নীলফামারীর ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বলেন, আমাদের টহল দল সীমান্ত এলাকা থেকে ভারত থেকে পুশইন হওয়া সাতজন নাগরিককে আটক করেছে।
তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে আসছিলেন। পুশ ইনে বিএসএফ কোন সীমাস্ত আইন না মানায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































